ডেবিট-ক্রেডিট কার্ড নিয়ে নতুন সতর্কতা দিল বাংলাদেশ ব্যাংক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

ডেবিট ও ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের নামে প্রতারণা ও তথ্য চুরির ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। এ ধরনের সেবা দিচ্ছে এমন কিছু অননুমোদিত প্রতিষ্ঠানের বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, কিছু তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান গ্রাহকদের প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় গ্রাহকদের কার্ড নম্বর, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সিভিভিসহ গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশ ব্যাংক জানায়, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত নয়। ফলে তাদের কাছে তথ্য দিলে জালিয়াতি ও অননুমোদিত লেনদেনের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক যেসব ঝুঁকির কথা উল্লেখ করেছে, সেগুলোর মধ্যে রয়েছে—

(ক) কার্ডের গোপনীয় তথ্য ফাঁস হয়ে জালিয়াতির সম্ভাবনা।
(খ) অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়া। 
(গ) গ্রাহকের আর্থিক ক্ষতি ও তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া।
(ঘ) সামগ্রিক কার্ড ব্যবস্থাপনায় ঝুঁকি বৃদ্ধি পাওয়া।

এ অবস্থায় গ্রাহকদের অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কার্ড সংক্রান্ত কোনো তথ্য না দেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে শুধু সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, কোনো অবস্থাতেই ওটিপি (OTP) বা কার্ডের গোপন তথ্য অন্যের সঙ্গে শেয়ার করা যাবে না। সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ