তরুণ খেলোয়াড়দের হাত ধরেই দেশের ক্রীড়াভবিষ্যৎ দেখছেন শ্রমমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জাহিদুল ইসলাম, সিলেট জেলা প্রতিনিধি :

সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬। চার জেলার বিজয়ী কিশোর খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই আঞ্চলিক উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ প্রজন্মের ক্রীড়া প্রতিভা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (২০ মে) সিলেট জেলা স্টেডিয়াম-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের যাত্রা শুরু করেছিলেন। সেই ঐতিহ্য ধরে রেখে তাঁর সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট থেকে একযোগে সারাদেশে নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর উদ্বোধন করেছেন, যা সিলেটবাসীর জন্য গর্বের বিষয়।

অনুষ্ঠানে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ফুটবলে কিক করে প্রতিযোগিতার সূচনা করেন শ্রমমন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান কিশোর খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তাদের খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তুলতে উৎসাহ দেওয়াই নতুন কুঁড়ি স্পোর্টসের মূল লক্ষ্য। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই কিশোর খেলোয়াড়রাই ভবিষ্যতে বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গৌরবান্বিত করবে।

তিনি আরও বলেন, একটি শক্তিশালী জাতি গঠনে সুদৃঢ় ভিত্তির প্রয়োজন, যা শহীদ জিয়াউর রহমান রেখে গেছেন। সেই ধারাবাহিকতা বজায় রেখেই বর্তমান সরকার দেশের ক্রীড়া ও তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে মো. মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবদুল কুদ্দুছ চৌধুরী, আশরাফুর রহমান, মো. সারওয়ার আলম, মো. আনোয়ারুল হক এবং এমদাদ হোসেন চৌধুরী।

এসময় চার জেলার প্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শ্রমমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাদের উৎসাহ দেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ