ডেস্ক নিউজ :
চিকিৎসকের সংখ্যা বাড়ানোর জন্য বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান।
১৩ মার্চ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান এ কথা জানিয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী জানান, বর্তমানে চিকিৎসকদের বিসিএস পরীক্ষা দেয়ার বয়স ৩২ বছর। এটাকে দুই বছর বাড়িয়ে ৩৪ করার প্রস্তাব দেয়া হয়েছে।
চিকিৎসকদের দাবির প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সময় বঞ্চিত হয়ে দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের কারণে চিকিৎসকরা গতকাল তাদের বেতন-ভাতা নিয়ে ধর্মঘট করেছিলেন। তাদের দাবি নিয়ে বর্তমান সরকার আন্তরিক। অন্তর্বর্তী সরকার শিগগিরই কিছু সিদ্ধান্তের মাধ্যমে তাদের এসব দাবি পূরণ করার চেষ্টা করবে।
সরকারের আশ্বাসের ভিত্তিতে চিকিৎসকরা আন্দোলন থেকে সরে এসেছে বলেও এ সময় উল্লেখ করেন অধ্যাপক সায়েদুর রহমান। এ নিয়ে তিনি আরও বলেন, তবে কিছু ইন্টার্ন চিকিৎসক-শিক্ষার্থী ক্লাশে অনুপস্থিত রয়েছেন। সবাই যেন নিজেদের দায়িত্ব পালন করেন, সরকারের পক্ষ থেকে আমরা তা অনুরোধ করছি।
এদিকে, চিকিৎসক ও রোগীদের সুরক্ষার জন্য আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা আইনটি উপদেষ্টা পরিষদের বৈঠকে উঠবে বলে জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ বিশেষ সহকারী।
আপনার মতামত লিখুন :