এক লাখ ডলার পর্যন্ত রপ্তানিতে বিদেশি আমদানিকারকের নামে শিপিং ডকুমেন্টের অনুমতি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক :
রপ্তানি বাণিজ্য আরও সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এক লাখ মার্কিন ডলার পর্যন্ত পণ্য রপ্তানির ক্ষেত্রে পরিবহন বা শিপিং ডকুমেন্ট বিদেশি আমদানিকারকের নামে ইস্যু করার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানায়।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রপ্তানিকারকদের বিদেশি আমদানিকারক বা তাদের মনোনীত কোনো পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুতের সুযোগ দিতে পারবে। ফলে রপ্তানিকারকেরা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতা বা তাদের নির্ধারিত প্রতিনিধির কাছে পাঠাতে পারবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের চাহিদা পূরণ এবং রপ্তানি কার্যক্রম সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক বিদেশি আমদানিকারক দ্রুত পণ্য ছাড়ের সুবিধার জন্য শিপিং ডকুমেন্ট নিজেদের নামে ইস্যু করতে চান।
তবে রপ্তানি আয়ের অর্থ সময়মতো দেশে ফেরত আনার বিষয়েও কিছু সুরক্ষামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিপমেন্টের জন্য বৈধ রপ্তানি আদেশ থাকতে হবে এবং বিদেশি ক্রেতা বা কনসাইনির পরিচয় ও গ্রহণযোগ্যতা যাচাই করে নিতে হবে ব্যাংকগুলোকে।
ব্যবসায়ীরা এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নতুন এই সুবিধা রপ্তানিকারকদের জন্য আন্তর্জাতিক বাজারে ব্যবসা পরিচালনা আরও সহজ করবে এবং ক্রেতাদের শর্ত অনুযায়ী দ্রুত লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে। একই সঙ্গে রপ্তানি আয়ের অর্থ দেশে ফেরত আসার বিষয়টিও নিশ্চিত থাকবে।
আপনার মতামত লিখুন :