রামগতি বাজারের মেইন সড়কের কাজে অনিয়মের অভিযোগ, গুণগত মান নিয়ে স্থানীয়দের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: হাসান হাওলাদার, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতি বাজার এলাকার মেইন সড়কে চলমান কার্পেটিং ও সিসি ঢালাই কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের অভিযোগ, নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করায় সড়ক উন্নয়ন কাজের গুণগত মান নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রকল্প অনুযায়ী যেখানে ৫০ মিলিমিটার পুরুত্বের কার্পেটিং করার কথা, সেখানে বাস্তবে মাত্র ২৫ থেকে ৩০ মিলিমিটার পুরুত্বে কাজ করা হচ্ছে। এতে সড়কটি দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।
এ ছাড়া নির্ধারিত স্থানে উন্নতমানের উপকরণ ব্যবহারের কথা থাকলেও তা অনুসরণ করা হচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, সিসি ঢালাইয়ের কাজে মানসম্মত সিলেকশন ব্যবহার না করে নিম্নমানের রাবিশ প্রয়োগ করা হয়েছে, যা সড়কের স্থায়িত্বকে প্রশ্নবিদ্ধ করছে।
এলাকাবাসী জানান, এভাবে নিম্নমানের কাজ চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। এতে বাজারকেন্দ্রিক যানবাহন চলাচলে বাড়বে দুর্ভোগ, ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ।
জনগণের করের টাকায় বাস্তবায়িত এই উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ সত্য হলে তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ী ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
উন্নয়নের নামে নিম্নমানের কাজ করে জনস্বার্থের ক্ষতি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :