রাতে মেট্রো রেলের চলাচলের সময় বাড়ছে, কার্যকর রোববার থেকে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
রাতে যাত্রীসেবার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী রোববার (৭ জুন) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল জানায়, রোববার থেকে রাতের দিকে উভয় প্রান্তে মেট্রো রেলের চলাচলের সময় ২০ মিনিট করে বাড়ানো হচ্ছে। নতুন সূচি অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরার উদ্দেশে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। বর্তমানে এ ট্রেনটি ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। অন্যদিকে, উত্তরা থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, যা এখন ছাড়ে রাত ৯টা ৩০ মিনিটে।
কর্তৃপক্ষ জানায়, রাতের চলাচলের সময় বাড়ানোর বিষয়ে গত এক মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। সেই পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় রোববার থেকে বর্ধিত সময়সূচিতে যাত্রী পরিবহন শুরু করা হচ্ছে।
প্রাথমিক পর্যায়ে বাড়তি সময়ের মধ্যে প্রতিটি দিক থেকে একটি করে ট্রিপ পরিচালনা করা হবে। অর্থাৎ, একটি ট্রেন মতিঝিলমুখী এবং আরেকটি ট্রেন উত্তরামুখী চলাচল করবে। এতে করে ওই সময় ট্রেনের মধ্যে ব্যবধান থাকবে ১০ মিনিট।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নজরুল ইসলাম বলেন, রাতে উভয় দিক থেকে মেট্রো রেলের চলাচলের সময় বাড়ানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রোববার থেকেই যাত্রীরা বাড়তি ২০ মিনিট মেট্রো রেলের সেবা পাবেন।
আপনার মতামত লিখুন :