সরকার পরিবর্তন হলেও গণমাধ্যমের পৃষ্ঠপোষকতায় পরিবর্তন আসেনি : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সরকার পরিবর্তন হলেও গণমাধ্যমের পৃষ্ঠপোষক কাঠামোতে এখনো কোনো পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে দ্রুত একটি পরামর্শক কমিটি গঠন করা হবে।
বুধবার (২০ মে) রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিভিন্ন স্বার্থে সরকার ও মালিকপক্ষ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার সুযোগে অপসাংবাদিকতা তৈরি হয়। তিনি দাবি করেন, বর্তমান সরকার নির্বাচিত এবং প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যম সংস্কারে কাজ করছে। এর অংশ হিসেবে গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা নিয়ে সংশ্লিষ্ট মহল ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে গণমাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং একটি টেকসই কাঠামো গড়ে তোলা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, গণতান্ত্রিক সরকার সবসময় স্বাধীন ও গ্রহণযোগ্য গণমাধ্যম চায় এবং গণমাধ্যমের সঙ্গে সংঘাতে যেতে চায় না। তিনি বলেন, মিথ্যা তথ্য প্রচার একটি অপরাধ হলেও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকার কোনো দমনমূলক আইন করবে না।
এদিকে বাংলাদেশ জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) চেয়ারম্যান ফাহিম আহমেদ সাংবাদিকদের আর্থিক সংকটের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বেশিরভাগ সংবাদমাধ্যমে সাংবাদিকরা ন্যূনতম বেতন ও প্রাপ্য সুবিধা থেকেও বঞ্চিত, যা পেশাগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :