বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে : প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে এগিয়েছে, তখনই একটি মহল তা ব্যাহত করার চেষ্টা করেছে। তিনি অভিযোগ করেন, এসব গোষ্ঠী দেশকে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কিত ও বন্ধুহীন করার অপচেষ্টা চালাচ্ছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি বলেন, অতীতে একটি স্বৈরাচারী সরকার দেশের মানুষের অধিকার হরণ করেছিল এবং অর্থনীতিকে আমদানিনির্ভর করে তোলে। স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাত ধ্বংসের ফলেই ২০২৪ সালের ৫ আগস্ট জনগণ সেই শাসনব্যবস্থার অবসান ঘটায়।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অগ্রযাত্রা ও মানুষের ভাগ্য পরিবর্তন ঠেকাতে একটি চক্র আবারও সক্রিয় হয়েছে। তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শ্রমিকদের কল্যাণে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, কর্মসংস্থান বৃদ্ধিতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশে ও বিদেশে শ্রমিক এবং বেকারদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। এ লক্ষ্যে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে।
তিনি আরও আশ্বাস দেন, নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে।
আপনার মতামত লিখুন :