ডিএমপি কমিশনার মো. সরওয়ারের অবসর, আপাতত দায়িত্বে এস এন নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৪ মে) ছিল তার শেষ কর্মদিবস।
এদিন রাতে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সরকারের পক্ষ থেকে এখনো নতুন পুলিশ কমিশনার নিয়োগ না দেওয়ায় জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে আপাতত ডিএমপির কার্যক্রম পরিচালনা করবেন এস এন নজরুল ইসলাম।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে মো. সরওয়ারকে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
মূলত, ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর শেখ মো. সাজ্জাত আলীকে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশ বাহিনীকে পুনর্গঠনের অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।
তবে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন শেখ মো. সাজ্জাত আলী। ওইদিন দুপুরে তিনি নিজের অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদরদপ্তরে পাঠান। পরে মো. সরওয়ারকে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :