লিভারপুল গত সাত দশকে সবচেয়ে বাজে সময় পার করে যাচ্ছে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
খেলাধুলা ডেস্ক :
ইংলিশ ক্লাব লিভারপুল ৭১ বছরের মধ্যে সবচেয়ে বাজে সময় পার করে যাচ্ছে। শেষ ১২ ম্যাচে ৯ হার। কিন্তু কে বলবে, এই দলটাই বর্তমান ইপিএল চ্যাম্পিয়ন। ক্লাবটির লিজেন্ড স্টিভেন জেরার্ড মনে করেন, কোচ আর্নে স্লট ঠিকই ঘুরে দাঁড়াবেন।
চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে পিএসভির কাছে ৪-১ গোলে হেরেছে লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১২ ম্যাচে লিভারপুলের নবম হার এটি। এমন বাজে অভিজ্ঞতা হয়েছিল সাত দশক আগে, ১৯৫৩-৫৪ মৌসুমে।
পরপর তিন ম্যাচে তারা হেরেছে তিন গোলের ব্যবধানে, ১৯৫৩ সালের ডিসেম্বরের পর যা প্রথম। পাঁচ দিনের ব্যবধানে ঘরের মাঠে গোল হজম করেছে সাতটি।প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে লিভারপুল নেমে গেছে টেবিলের ১২ নম্বরে। চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে অলরেডরা আছে ১৩ নম্বর অবস্থানে। দায়িত্ব নিয়ে প্রথম মৌসুমে দলটিকে লিগ শিরোপা জেতালেও, এখন চাপ বাড়ছে স্লটের ওপর।
তারপরও লিভারপুলে সঙ্কটের কথা উড়িয়ে দিলেন ক্লাবটির লিজেন্ড স্টিফেন জেরার্ড। দলটির হয়ে ৭১০ ম্যাচ খেলা সাবেক ইংলিশ মিডফিল্ডার টিএনটি স্পোর্টসকে জানান, 'সঙ্কট বেশ ভারী শব্দ, এই ক্লাবের হয়ে ভালো করেছে, তেমন কিছু খেলোয়াড়ের প্রতি এবং তিন মাস আগে যে কোচ ভালো করেছে, তার প্রতি অসম্মানজনক এটা। তবে অস্বীকার করা যাবে না যে, দলটি খুব সংগ্রাম করছে। কোচ যদি দলে এর সমাধান খুঁজে না পান এবং স্থিতিশীলতা না আনতে পারেন, তাহলে এটা চলতেই থাকবে।'
এদিকে, লিভারপুলের মতই ঝড় যাচ্ছে ফ্রান্স ফুটবল ফেডারেশনের উপর। দেশটির ফুটবল ওয়েবসাইটে সাইবার অ্যাটাক হয়েছে। এতে তাদের সদস্যদের ব্যক্তিগত ডাটা চুরি হয়েছে। এই ঘটনায় শঙ্কার মুখে পড়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ইতালির মত বড় বড় ফেডারেশন গুলো। কেননা শিগগিরই হ্যাকাররা তাদের ওয়াবসাইটও হ্যাক করতে পারে।
ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছে যে ক্লাবগুলি তাদের প্রশাসনিক ব্যবস্থাপনার জন্য, বিশেষ করে তাদের নিবন্ধিত সদস্যদের পরিচালনার জন্য ব্যবহৃত সফ্টওয়্যার গুলোতেও অ্যাটাক চালাচ্ছে। এতে ঝুঁকি ও চিন্তার মুখে পড়েছে ফিফাও।
আপনার মতামত লিখুন :