এসএসসির দ্বিতীয় দিনে বহিষ্কার ১৯, অনুপস্থিত প্রায় ২৭ হাজার পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে দেশজুড়ে অনিয়মের দায়ে ১৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। প্রথম দিনে বহিষ্কার হয়েছিল ৬ জন। ফলে এক দিনের ব্যবধানে বহিষ্কারের সংখ্যা তিন গুণেরও বেশি বেড়েছে। একই সঙ্গে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৭ হাজারে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি-এর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, দেশের সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশে ৬ জন পরীক্ষার্থী বহিষ্কার হন। তাদের মধ্যে কুমিল্লা ও যশোর বোর্ডে দুজন করে চারজন এবং চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে একজন করে দুজন রয়েছেন।
বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ২ হাজার ৪৮১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ১৮ হাজার ৭৬৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১১ লাখ ৬ হাজার ৪৪৮ জন। অনুপস্থিত ছিলেন ১২ হাজার ৩১৬ জন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধীন দাখিল পরীক্ষায় আরবি প্রথম পত্রে অনুপস্থিত ছিলেন ১২ হাজার ১৫০ জন পরীক্ষার্থী। ৭৪১টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৩ হাজার ৮৮২ জন, উপস্থিত ছিলেন ২ লাখ ৪১ হাজার ৭৩২ জন। এদিন মাদ্রাসা বোর্ডে অনিয়মের দায়ে ৩ জনকে বহিষ্কার করা হয়।
অন্যদিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর অধীন এসএসসি (ভোকেশনাল) ও এসএসসি (দাখিল) পরীক্ষায় ৬৫৩টি কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৩৯৯ জন পরীক্ষার্থী। কারিগরি বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২০ হাজার ১৬০ জন, উপস্থিত ছিলেন ১ লাখ ১৭ হাজার ৭৬১ জন। প্রথম দিনে এই বোর্ডে কেউ বহিষ্কার না হলেও দ্বিতীয় দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ১০ জনকে বহিষ্কার করা হয়েছে।
শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, পরীক্ষার শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। অনিয়মের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতিতে পরীক্ষা পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :