কৃষকের জমি নিয়ে বিতর্কে অভিনেত্রী সোনালী বেন্দ্রে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

মহারাষ্ট্রের পুণে-তে জমি সংক্রান্ত এক বিতর্ক ঘিরে আবারও শিরোনামে বলিউড অভিনেত্রী সোনালী বেন্দ্রে এবং তাঁর স্বামী গোল্ডি বহেল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, জালিয়াতির মাধ্যমে এক দরিদ্র কৃষকের পৈতৃক জমি আত্মসাৎ করা হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তারকা দম্পতি।

টাইমস অব ইন্ডিয়া-এর এক প্রতিবেদনে জানা গেছে, পুণের মাভাল অঞ্চলের প্রায় ১.২ বিঘা জমি নিয়ে এই বিরোধের সূত্রপাত। স্থানীয় কৃষক চন্দ্রকান্ত শিন্ডের দাবি, ১৯৫৭ সাল থেকে জমিটি তাঁদের পরিবারের মালিকানাধীন। তাঁর অভিযোগ, বেআইনিভাবে সেই জমি ক্রয় করেছেন সোনালী ও গোল্ডি।

অভিযোগে আরও বলা হয়েছে, ওই জমিতে জোরপূর্বক নির্মাণকাজ শুরু করার চেষ্টা করা হয়েছিল এবং কৃষক পরিবারের সদস্যদের হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কৃষক ইতোমধ্যেই আদালতে জালিয়াতির মামলা দায়ের করেছেন, যেখানে সোনালী বেন্দ্রে, গোল্ডি বহেলসহ আরও কয়েকজনকে বিবাদী করা হয়েছে।

অন্যদিকে, সোনালী বেন্দ্রে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে জানিয়েছেন, সংশ্লিষ্ট জমির সঙ্গে তাঁর কোনও প্রত্যক্ষ যোগ নেই। তিনি দাবি করেন, কোনও সরকারি নথি বা ক্রয়-বিক্রয়ের দলিলেও তাঁর নাম নেই। অভিনেত্রীর কথায়, “শুধুমাত্র আর্থিক সুবিধা আদায়ের উদ্দেশ্যেই এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”

এদিকে, সোনালির আইনজীবী রাজু শিন্ডে জানান, অভিযোগকারী কৃষক পূর্বেও তহসিলদার ও মহকুমা শাসকের কাছে একাধিকবার আবেদন করেছিলেন, কিন্তু প্রতিবারই তা খারিজ হয়েছে। ফলে অভিযোগের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন উঠছে।

জানা গেছে, মামলার পরবর্তী শুনানি আগামী ২০ এপ্রিল। এখন দেখার বিষয়, আইনি প্রক্রিয়ায় এই বিতর্ক কোন দিকে মোড় নেয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ