প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কক্সবাজারে তারেক রহমান, ১২ ঘণ্টায় ১১ কর্মসূচি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আল আমিন, কক্সবাজার জেলা প্রতিনিধি :

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে আসছেন তারেক রহমান। শনিবার ১৩ জুন দিনব্যাপী প্রায় ১২ ঘণ্টার এই সফরে তিনি মোট ১১টি কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সমুদ্রনগরী কক্সবাজার এখন উৎসবমুখর।

সফরসূচি অনুযায়ী, সকাল ১০টায় ঢাকা থেকে আকাশপথে কক্সবাজারে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে প্রথমেই তিনি যাবেন পিএমখালীতে। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এ সময় তিনি স্থানীয়দের উদ্দেশে একটি পথসভায় ভাষণ দেবেন।

এরপর প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলের একটি স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি, যা পরিবেশ সংরক্ষণে সরকারের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

উদ্বোধনী কার্যক্রম শেষে প্রধানমন্ত্রী পেকুয়ার উদ্দেশে রওনা হবেন। সেখানে তিনি জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম–এর কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। একই দিনে মাতামুহুরি উপজেলায় একটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করার কথা রয়েছে।

বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে তিনি কক্সবাজারের মেরিন ড্রাইভ ও সৈকত এলাকা পরিদর্শন করবেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে কক্সবাজারের হোটেল লংবীচ অডিটোরিয়ামে এক সূধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সব কর্মসূচি শেষে রাত আনুমানিক ১০টার দিকে আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই প্রথম সফরকে ঘিরে কক্সবাজারজুড়ে সাজ সাজ রব। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, রাস্তাঘাট ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত এই সমুদ্র জনপদ, আর স্থানীয়দের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ