বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

পহেলা বৈশাখ উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে আয়োজিত সব বর্ষবরণ অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জারি করা এক কার্যপত্রে জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবরসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত সব অনুষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। বিকেল ৫টার পর এসব এলাকায় নতুন করে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত ‘বৈশাখী শোভাযাত্রা’কে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মুখোশ হাতে বহন করতে পারলেও মুখ ঢেকে অংশ নিতে পারবেন না। এছাড়া শোভাযাত্রা শুরু হওয়ার পর মাঝপথে নতুন কেউ যোগ দিতে পারবেন না।

নিরাপত্তা জোরদারে দেশব্যাপী ফানুস ওড়ানো, আতশবাজি ফোটানো, গ্যাস বেলুন ও ভুভুজেলা বাঁশি বাজানো নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠানস্থলের ৩০০ ফুট এলাকায় মোটরসাইকেল ও গাড়ির রেসিং বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হবে এবং বসানো হবে ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা ও আর্চওয়ে গেট। ইভ টিজিং, ছিনতাই ও পকেটমার প্রতিরোধে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হবে।

বড় অনুষ্ঠানস্থলগুলোতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক যান, অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে। রমনা লেকে দুর্ঘটনা এড়াতে মোতায়েন থাকবে ডুবুরি দল।

এছাড়া পহেলা বৈশাখের দিন (১৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টার পর স্টিকারবিহীন কোনো যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবে না।

সার্বিকভাবে নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে নববর্ষ উদ্‌যাপন নিশ্চিত করতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ