উন্নয়ন ও জীবনমানকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে : অর্থমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের জীবনমানের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের সব বিষয় নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, এবারের বাজেটের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন এবং এর গুরুত্বও বেশি।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় বাজেট পেশ করতে ও নতুন অর্থবছরের রূপরেখা তুলে ধরতে জাতীয় সংসদ ভবন–এ পৌঁছে এসব কথা বলেন অর্থমন্ত্রী। বাজেট উপস্থাপনের আগে এদিন একটি বিশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। এ কারণে জাতির প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনেক বেশি। সেই প্রত্যাশা, চিন্তা-ভাবনা এবং ভবিষ্যৎ লক্ষ্যকে সামনে রেখেই এবারের বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। সামর্থ্যের মধ্যেই বাজেট করতে হয়েছে, তবে সেই সীমাবদ্ধতার ভেতর থেকেও জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি বিধ্বস্ত ও ভঙ্গুর অর্থনীতি থেকে দেশকে স্থিতিশীলতার পথে নিয়ে গিয়ে ভবিষ্যতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্য অর্জনের একটি বাস্তব প্রতিফলন এবারের বাজেটে রাখার চেষ্টা করা হয়েছে।

বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হিসেবে তিনি উল্লেখ করেন, দেশের সব নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত করার উদ্যোগ। জাতীয় ও অর্থনৈতিক কার্যক্রমে যেন সবাই অংশ নিতে পারে এবং উন্নয়নের সুফল সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি গড়তেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে এবং সীমিত সম্পদের মধ্যেও সবাইকে সঙ্গে নিয়ে বাজেট বাস্তবায়নের চেষ্টা করবে সরকার।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ