প্রশাসনে দায়বদ্ধতা নিশ্চিত করতেই হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে প্রতিরোধমূলক ও দমনমূলক ব্যবস্থা একসঙ্গে জোরদার করতে হবে।
বুধবার (১০ জুন) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের চতুর্থ দিনে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিকেল তিনটায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
প্রশ্নে আবুল কালাম উল্লেখ করেন, জেলা প্রশাসক সম্মেলনে দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রধানমন্ত্রী কড়া নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলোর বিস্তারিত জানতে চান তিনি।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। প্রশাসনের প্রতিটি স্তরে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতা পরিহার করে দ্রুত, বাস্তবসম্মত ও জনস্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত নিতে হবে।
তিনি আরও বলেন, নিয়োগ, বদলি ও পদায়নে সততা, মেধা ও দক্ষতাই একমাত্র মানদণ্ড হতে হবে। প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা বাড়াতে প্রয়োজনীয় সংস্কারমূলক উদ্যোগ নিতে হবে।
প্রধানমন্ত্রী জানান, সরকারি সেবা ব্যবস্থাকে সময়োপযোগী ও জনবান্ধব করতে ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করতে হবে। আইন লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ এবং সেবা প্রদানকে হয়রানিমুক্ত, বিলম্বমুক্ত ও স্বচ্ছ রাখতে কঠোর তদারকি নিশ্চিত করার নির্দেশও দেন তিনি।
আপনার মতামত লিখুন :