পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা রোববার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামীকাল রোববার (৭ জুন) দিন নির্ধারণ করেছেন আদালত। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে গত বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ দিন রায়ের তারিখ ঘোষণা করেন।

মাত্র চার কার্যদিবসে বিচারকাজ শেষ হওয়ায় মামলাটি দেশের বিচার ইতিহাসে নজির হিসেবে দেখা হচ্ছে। এ মামলায় পরিবার-পরিজন, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, পুলিশ ও তদন্তকারী কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষ্য দেন।

বিচারিক কার্যক্রমে রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতে যুক্তি তুলে ধরে বলেন, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি।

অন্যদিকে, আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী সোহেল রানার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন জানান।

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেল রানার বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছর বয়সী রামিসা আক্তারের শিরশ্ছেদ করা মরদেহ উদ্ধার করা হয়। এজাহারে উল্লেখ করা হয়, সোহেল রানা শিশুটিকে কৌশলে নিজের কক্ষে নিয়ে ধর্ষণের পর গলা কেটে হত্যা করে।

ঘটনার পরদিন রামিসার বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার সাত ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করে এবং ছয় দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১ জুন মামলার বিচার শুরু হয় এবং ২ জুন সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।

এখন রোববারের রায়ের দিকে তাকিয়ে আছে ভুক্তভোগী পরিবারসহ দেশবাসী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ