আনন্দঘন পরিবেশে পাবনা গোপাল চন্দ্র ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: শাখাওয়াৎ হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পাবনা গোপাল চন্দ্র ইনস্টিটিউশন–এর প্রাক্তন শিক্ষার্থীদের পূর্ণমিলনী অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে মিলিত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা।
শুক্রবার সকালে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্কুল ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। এরপর শুরু হয় স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সম্মাননা প্রদান পর্ব।
স্কুলের প্রধান শিক্ষক ওয়াজুল হক খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী শামসুল রহমান শিমুল বিশ্বাস।
প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আলী ও ইমরান হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ফজলুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক হাবিবুর রহমান জিন্না, প্রাক্তন শিক্ষার্থী আবু ওবায়দা শেখ তুহিন, আনিসুল হক বাবুসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শিক্ষাজীবনের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলতেই এই আয়োজন। একই সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের জন্য প্রাক্তনদের অভিজ্ঞতা ও পথচলা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানকে ঘিরে স্কুল প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের পূর্ণমিলনী আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :