রামিসার ডিএনএ ও ফরেনসিক রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার শিকার ৭ বছরের শিশু রামিসার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শনিবার (২৩ মে) বিকেলে ডিএনএ, ময়নাতদন্ত এবং ভিসেরা রিপোর্টসহ সব ফরেনসিক নথি তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয় বলে জানায় সিআইডি।
সংস্থাটি জানায়, মামলার তদন্তে গুরুত্বপূর্ণ এই বৈজ্ঞানিক প্রমাণগুলো এখন তদন্ত কর্মকর্তার হাতে রয়েছে, যা পরবর্তী আইনগত পদক্ষেপে সহায়ক হবে।
এদিকে, দুপুরে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, রামিসা হত্যার ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দাখিল করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ডিএনএ ছাড়া চার্জশিট দিলে বিচারপ্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে, তাই এ ধরনের মামলায় ফরেনসিক প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, ভবিষ্যতে কেউ যেন এমন অপরাধ করার সাহস না পায়, সেজন্য আইনের শাসন আরও শক্তিশালী করতে হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে আদালতে সোহেল রানা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, ফরেনসিক রিপোর্ট মামলার বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :