জ্বালানি তেলের দাম বাড়ায় যেসব ব্যয়ের চাপ বাড়বে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
উপসাগরীয় অঞ্চলে ইরান যুদ্ধের জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর পরপরই গণপরিবহন, নিত্যপণ্যের বাজারসহ প্রায় সব খাতে মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে। এরই মধ্যে এলপিজির দাম বাড়ানো হয়েছে, আর বিদ্যুতের দাম বাড়ার সম্ভাবনাও তৈরি হয়েছে। এতে করে চলমান উচ্চ মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে, ইরান যুদ্ধ কবে শেষ হবে কিংবা আন্তর্জাতিক তেল সরবরাহ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই। ফলে দাম বাড়ানো হলেও তেলের সরবরাহ বাড়বে কি না, সেটিও অনিশ্চিত। তাদের ভাষ্য, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সরকারের জন্য স্বল্পমেয়াদে রাজস্ব চাপ কিছুটা কমালেও দীর্ঘমেয়াদে সাধারণ মানুষের জীবনযাত্রা ও সামগ্রিক অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করবে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে বিকল্প ও সমন্বিত উদ্যোগ না নেওয়া হলে মূল্যস্ফীতি ১৩ শতাংশে পৌঁছাতে পারে। উল্লেখ্য, গত মাসে মূল্যস্ফীতি ছিল প্রায় ৯ শতাংশের কাছাকাছি। তিনি বলেন, তেলের দাম বাড়ানো হয়তো সরকারের জন্য একটি নিরুপায় সিদ্ধান্ত, তবে শুল্ক ও অন্যান্য ব্যয় সমন্বয় না হলে ভোক্তাকে ঘোষিত দামের চেয়েও বেশি গুনতে হবে।
অন্যদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তেলের দাম সামান্য বাড়ানো হয়েছে এবং এতে মূল্যস্ফীতি বাড়তেও পারে, আবার নাও বাড়তে পারে। তার দাবি, মূল্যবৃদ্ধির পরিমাণ খুব বেশি নয়। বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, সরকার বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছে এবং এটি মূলত দাম সমন্বয়ের অংশ।
এদিকে বিশ্লেষকরা বলছেন, ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন পেট্রল পাম্পে জ্বালানি সংকট প্রকট হয়ে উঠেছে। ঢাকাসহ সারা দেশে দেড় মাসের বেশি সময় ধরে পাম্পগুলোতে দীর্ঘ লাইন ও তীব্র ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও তেল না পাওয়ার অভিযোগ রয়েছে। যদিও সরকার বারবার তেলের কোনো সংকট নেই বলে দাবি করে আসছে।
পরিবহন ব্যয় বাড়ায় আমদানি খরচ বেড়েছে, যার প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। পাশাপাশি দেশীয় উৎপাদিত কৃষিপণ্যের দামও গত কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী। এই প্রেক্ষাপটে রবিবার থেকে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করায় সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে, যা বাজারে নতুন করে চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সূত্র : বিবিসি বাংলা
আপনার মতামত লিখুন :