নতুন বছরের আগেই ফের আলোচনায় বসছেন ট্রাম্প-জেলেনস্কি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় বৈঠকে বসবেন, যেখানে যুদ্ধ শেষ করার আলোচনার প্রধান অন্তরায়- ভূখণ্ড সংক্রান্ত বিষয়- নিয়ে আলোচনা হবে। এদিকে ২০ দফা শান্তি-ফ্রেমওয়ার্ক এবং নিরাপত্তা নিশ্চয়তা-সংক্রান্ত চুক্তি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
বৈঠকের ঘোষণা দিয়ে জেলেনস্কি বলেন, নতুন বছরের আগেই অনেক কিছু নির্ধারিত হতে পারে, কারণ ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধ- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী সংঘাত- শেষ করতে ওয়াশিংটন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি সাংবাদিকদের এক হোয়াটসঅ্যাপ চ্যাটে বলেন, সংবেদনশীল বিষয়গুলোর ক্ষেত্রে আমরা ডনবাস এবং জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র- উভয় নিয়েই আলোচনা করব। অবশ্যই আমরা অন্য বিষয়ও আলোচনা করব।
রাশিয়া চায় ইউক্রেন পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের যে অংশগুলো রুশ বাহিনী প্রায় চার বছরের যুদ্ধে দখল করতে পারেনি, সেগুলো থেকে সরে দাঁড়াক- যাতে দোনেৎস্ক ও লুহানস্ক মিলে গঠিত ডনবাসের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ পায়। অন্যদিকে কিয়েভ চায় বর্তমান ফ্রন্টলাইনে থেকেই যুদ্ধবিরতি হোক।
সমঝোতার পথ খুঁজতে যুক্তরাষ্ট্র প্রস্তাব দিয়েছে, ইউক্রেন ওই এলাকা ছেড়ে দিলে সেখানে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যেতে পারে- যদিও বাস্তবে এমন অঞ্চল কীভাবে কাজ করবে, তা স্পষ্ট নয়।
ভূখণ্ড সংক্রান্ত ইস্যুই এখনো আলোচনায় অগ্রগতির বড় বাধা। ভূখণ্ড নিয়ে যে কোনো সমঝোতা ইউক্রেনীয় জনগণের মতামতের ভিত্তিতে সম্ভাব্য গণভোটের মাধ্যমে ঠিক করা উচিত বলে মন্তব্য করেন জেলেনস্কি।
ইউরোপের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ফ্রন্টলাইনে অবস্থিত এবং বর্তমানে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
সূত্র : রয়টার্স
আপনার মতামত লিখুন :