নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় সংসদ নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। ১১ নভেম্বর মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এই দেশের মানুষ আওয়ামী লীগকে ক্ষমা করবে না। এবার নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।
শেখ হাসিনার উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, দিল্লিতে বসে থেকে গাড়ি পোড়াবে, দেশের সম্পদ নষ্ট করবে। বাংলাদেশে আসবে? আমরা তাকে আসতে দিতে পারি না। সাহস থাকলে জনগণের সামনে আসতে হবে। খালেদা জিয়া জেলে ছিলেন ছয় বছর। আপনি আসেন জেলে থাকেন সাত-আট বছর।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে।
পিআর পদ্ধতি নিয়ে ফখরুল বলেন, পিআর পদ্ধতিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া সম্ভব নয়। এই পদ্ধতিতে দলের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।
এ সময় বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ আলীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাবেক সহ-সভাপতি ওরায়দুল্লাহ মাসুদ, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।
আপনার মতামত লিখুন :