দেশের চার বিভাগে ভারি বর্ষণ হতে পারে : আবহাওয়া অধিদপ্তর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের সব বিভাগের বিভিন্ন স্থানে কমবেশি বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

১২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। 

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এদিকে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফরিদপুরে ৪২ মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ