1
2
| প্রকাশের তারিখঃ ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আগের তুলনায় অপরাধ কমেছে, পুলিশ বাহিনী ‘বুস্ট আপ’ করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি সময়ে দেশে অপরাধ পরিস্থিতির স্পষ্ট উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার দাবি, প্রায় সব ধরনের অপরাধই কমেছে।
সোমবার সচিবালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে পুলিশ বাহিনীকে ‘বুস্ট আপ’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনটি আলোচিত ঘটনায় পেশাদার ও দ্রুত পদক্ষেপ নেওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে।
সম্মাননা পাওয়া ঘটনাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার তদন্ত ও আসামি গ্রেপ্তারে দ্রুত ভূমিকা রাখা কয়েকজন পুলিশ সদস্য, দৌলতদিয়ায় নৌদুর্ঘটনার সময় যাত্রীদের প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা নৌ-পুলিশের তিন সদস্য এবং মুন্সীগঞ্জে সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চার আসামিকে গ্রেপ্তারে ভূমিকা রাখা তিন পুলিশ সদস্য।
পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক পুলিশ সদস্যকে ২০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার ও সম্মাননাপত্র দেওয়া হয়। পাশাপাশি কয়েকজন সদস্যকে বিশেষ ব্যাজও প্রদান করা হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের তিন মাস পূর্ণ হয়েছে। এই সময়ের অপরাধ সংক্রান্ত তথ্য গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। তার হাতে থাকা পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় চলতি সময়ে প্রায় প্রতিটি ক্যাটাগরিতেই অপরাধের হার কমেছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত