1
2
| প্রকাশের তারিখঃ ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দেশের ৩৮ জেলায় তাপপ্রবাহ, ২৪ ঘণ্টায় কিছু এলাকায় গরম কমার আভাস
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
ঢাকাসহ দেশের ৩৮ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। টানা গরমে এসব জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় কিছু কিছু এলাকায় গরমের দাপট কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, রাঙামাটি ও লক্ষ্মীপুর জেলাসহ রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
তবে আবহাওয়া অফিস সতর্ক করেছে, জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অস্বস্তি পুরোপুরি কমবে না। আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।
বৃষ্টি প্রসঙ্গে পূর্বাভাসে জানানো হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চুয়াডাঙ্গায়, ৪৪ মিলিমিটার।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত