1
2
| প্রকাশের তারিখঃ ২১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ওমানে মৃত্যুর ৭ দিন পর দেশে ফিরল চার ভাইয়ের লাশ, চট্টগ্রামে কান্নার রোল
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সংবাদদাতা :
ওমানে মর্মান্তিক এক দুর্ঘটনায় একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। দীর্ঘ অপেক্ষার পর তাদের লাশ দেশে পৌঁছালে পুরো এলাকায় নেমে আসে গভীর শোক ও কান্নার আবহ।
মঙ্গলবার (১৯ মে) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিহত চার ভাইয়ের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরদিন বুধবার ভোরে দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে লাশ তাদের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার লালানগর বান্দারাজার পাড়ায় নেওয়া হয়।
নিহতরা হলেন রাশেদুল ইসলাম, শাহেদুল ইসলাম, সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম। তারা সবাই স্থানীয় মৃত আবদুল মজিদের সন্তান।
বুধবার সকাল ৭টার দিকে চার ভাইয়ের কফিনবন্দি মরদেহ বাড়ির উঠানে পাশাপাশি রাখা হয়। লাশ এক নজর দেখার জন্য আগে থেকেই স্বজন, প্রতিবেশী ও এলাকার শত শত মানুষ সেখানে জড়ো হন। মুহূর্তেই পুরো এলাকা কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে।
মায়ের অজান্তে চার ছেলের একসঙ্গে মৃত্যু হওয়ায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। সন্তানদের কফিন দেখে মা খাদিজা বেগম বারবার অজ্ঞান হয়ে পড়েন। একইভাবে কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্ত্রীসহ পরিবারের সদস্যরাও।
স্থানীয়রা জানান, চার ভাইয়ের একসঙ্গে মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। পাশাপাশি রাখা চারটি কফিনের দৃশ্য উপস্থিত অনেককে বাকরুদ্ধ করে দেয়।
বুধবার সকাল ১১টার দিকে লালানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন নিহতদের বেঁচে থাকা একমাত্র ভাই হাফেজ মুহাম্মদ এনাম। হাজারো মানুষ জানাজায় অংশ নেন। পরে স্থানীয় মসজিদের পাশে তাদের দাফন সম্পন্ন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, বড় ভাই রাশেদুল ইসলাম ও মেজ ভাই শাহেদুল ইসলাম বিবাহিত ছিলেন। তাদের পরিবারে সন্তানও রয়েছে। ছোট দুই ভাই সিরাজুল ইসলাম ও শহিদুল ইসলাম অবিবাহিত ছিলেন।
জানা যায়, গত ১৩ মে ওমানের বারকা এলাকা থেকে চার ভাই একসঙ্গে মুলাদাহর উদ্দেশে রওনা দেন। পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারা। পরে একটি গাড়ির ভেতরে অচেতন অবস্থায় তাদের পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, গাড়ি চালু থাকা অবস্থায় এসির এক্সজস্ট থেকে নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়।
একসঙ্গে চার ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে শুধু পরিবার নয়, পুরো রাঙ্গুনিয়া জুড়েই নেমে এসেছে গভীর শোকের ছায়া।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত