1
2
| প্রকাশের তারিখঃ ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
যাত্রাবাড়ীতে কুকুর হত্যার দায়ে ৩ জনের আড়াই বছরের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুরে লোহার রড, সাড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন ব্যবহার করে নৃশংসভাবে ২০টি কুকুর হত্যার ঘটনায় তিনজনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (৮ মার্চ) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আবুল খায়ের, মো. অপু ও মো. মানিক।
আদালত সূত্রে জানা যায়, আসামিদের প্রাণী কল্যাণ আইন, ২০১৯–এর ১৬(ক) ধারায় ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া একই আইনের ১৬(খ) ধারায় প্রত্যেককে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড, এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুই ধারার সাজা একত্রে চলবে। ফলে প্রত্যেককে মোট দুই বছর কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় আসামি মো. মানিক আদালতে উপস্থিত ছিলেন। তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২১ সালের ২৩ জানুয়ারি ধলপুর লিচুবাগান এলাকা এলাকায় লোহার রড, সাড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন দিয়ে ২০টি কুকুর হত্যা করে বস্তায় ভরে নিয়ে যায় আসামিরা। পরে ভিডিও ফুটেজের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়।
ঘটনার পর Animal Lovers of Bangladesh–এর পক্ষে স্বেচ্ছাসেবক ও মামলার বাদী মো. মারুফুল হক আদালতে মামলা দায়ের করেন।
তদন্ত শেষে তিন আসামির বিরুদ্ধে কুকুর হত্যার ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। পরে ২০২৪ সালের ২১ মে আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মামলার বিচারকালে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত