1
2
| প্রকাশের তারিখঃ ০৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে জাতিসংঘ মহাসচিব ও ফিলিস্তিনি প্রেসিডেন্টের শোক
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোকবার্তায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও জাতিসংঘ মহাসচিব এই শোক প্রকাশ করেন।
৭ জানুয়ারি বুধবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শোকবার্তাটি প্রকাশ করা হয়েছে।
গত ২ জানুয়ারি পাঠানো শোক বার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি অত্যন্ত দুঃখিত।
অ্যান্তোনিও গুতেরেস জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ এবং প্রয়াত নেত্রীর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া দেশের রাজনৈতিক ইতিহাসে এক স্বতন্ত্র ও মর্যাদাপূর্ণ অবস্থান অধিকার করে আছেন। দীর্ঘদিনের জনসেবা ও নেতৃত্বের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে গেছেন।
শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব উল্লেখ করেন, শোকের এই সময়ে তিনি প্রয়াত নেত্রীর পরিবার ও স্বজনদের পাশাপাশি বাংলাদেশ সরকার এবং দেশের মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছেন।
অন্যদিকে, গত ৩০ ডিসেম্বর পাঠানো শোক বার্তায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। চার দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন।
শোকবার্তায় ফিলিস্তিনের প্রেসিডেন্ট উল্লেখ করেন, শোকের এই সময়ে ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশি জনগণ, আপনার দেশ এবং মরহুমার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর সহমর্মিতা প্রকাশ করছেন। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতবাসী এবং শোকাহত পরিবারসহ সবাইকে এই দুঃখ সইবার ধৈর্য ও সান্ত্বনা দান করেন।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে খালেদা জিয়ার মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন। পরদিন বিকেল পাঁচটার দিকে স্বামী সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় খালেদা জিয়াকে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত