তাহিরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, পুলিশের অভিযান অব্যাহত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: বাবুল মিয়া :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ জুম্মন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বাদাঘাট ফাঁড়ি থানার সাব-ইন্সপেক্টর নাজমুল ইসলাম।
আটক জুম্মন উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মতি মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, জুম্মন ও তার সহযোগী সোহাগ জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কারণে এলাকার যুব সমাজ ক্ষতির মুখে পড়ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা এলাকায় মাদকমুক্ত সমাজ গঠনের দাবি জানান এবং পুলিশের এই অভিযানকে স্বাগত জানান।
সাব-ইন্সপেক্টর নাজমুল ইসলাম বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ৯টার দিকে ৫৫ পিস ইয়াবাসহ জুম্মনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, এর আগে একই এলাকা থেকে আরেকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। তাহিরপুর উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :