ইইউতে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার ইতালি : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব সংবাদদাতা :
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হলো ইতালি। নিরাপদ অভিবাসনসহ দুই দেশের মধ্যে সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো–এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ইতালিতে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি নিয়মিত রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এ কারণেই বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।
বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, ইতালি বাংলাদেশ-ইতালির দ্বিপক্ষীয় সম্পর্ককে শুধু অব্যাহত রাখতেই নয়, তা আরও বিস্তৃত করতেও আগ্রহী। তিনি জানান, ইতালির বর্তমান সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অবৈধ অভিবাসন প্রতিরোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
রাষ্ট্রদূত আরও বলেন, আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হবে। এই নীতি চালু হলে নিরাপদ অভিবাসন নিশ্চিতের পাশাপাশি অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।
তিনি জানান, বাংলাদেশ ও ইতালির মধ্যে নিরাপদ অভিবাসন, দ্বিপক্ষীয় শ্রমবাজার এবং দক্ষ কর্মী প্রেরণ সংক্রান্ত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সর্বশেষ সভা গত বছরের জুলাইয়ে বাংলাদেশে অনুষ্ঠিত হয়। এ গ্রুপের পরবর্তী সভা ইতালিতে আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো অভিনন্দনপত্র স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন এবং তাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান। স্বরাষ্ট্রমন্ত্রী এ বছরের সুবিধাজনক সময়ে ইতালি সফর করবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খান, উপসচিব বেগম মিনারা নাজমীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইইউ বিষয়ক পরিচালক অনির্বাণ নিয়োগী এবং ইতালি দূতাবাসের হেড অব কনসুলার চ্যান্সেরি লরা শেলাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :