ঈদযাত্রায় চাঁদাবাজির সুযোগ নেই, বৈধ কল্যাণ তহবিল চাঁদা নয় : সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
ঈদযাত্রাকে কেন্দ্র করে কোনো ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তবে মালিক বা শ্রমিক সমিতি যদি নিবন্ধিত ও বৈধভাবে তাদের কল্যাণ তহবিলের জন্য নির্ধারিত অর্থ সংগ্রহ করে, সেটিকে চাঁদাবাজি বলা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে সচিবালয়ে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ঈদযাত্রার প্রস্তুতি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
গণমাধ্যমকর্মীরা জানতে চান, এতে কি সরকার চাঁদাবাজিকে বৈধতা দিচ্ছে? জবাবে মন্ত্রী বলেন, কোনো সমিতি বা সংগঠনের বৈধতা না থাকলে এবং তারা স্বেচ্ছাচারীভাবে মালিক বা শ্রমিকদের কাছ থেকে অর্থ আদায় করলে তা চাঁদাবাজি হিসেবে গণ্য হবে। এ ধরনের অভিযোগ নির্দিষ্টভাবে জানানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে শেখ রবিউল আলম বলেছিলেন, সড়কে পরিবহনের যে অর্থ সংগ্রহকে চাঁদা বলা হয়, তিনি সেটিকে সবসময় চাঁদা হিসেবে দেখেন না। তার ভাষ্য অনুযায়ী, মালিক ও শ্রমিক সমিতিগুলো নিজেদের কল্যাণের জন্য এ অর্থ সংগ্রহ করে এবং এটি অনেকটা অলিখিত বিধির মতো। তবে কেউ যদি বাধ্যতামূলকভাবে অর্থ আদায় করে, সেটিই প্রকৃত চাঁদাবাজি।
এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করতে সড়ক, রেল ও নৌ পরিবহন খাতের সংশ্লিষ্ট সংস্থা, মালিক-শ্রমিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় সড়ক মন্ত্রণালয়ে।
বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রী বলেন, ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় বা সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ দেওয়া হবে না।
মন্ত্রী আরও জানান, ঈদের আগে দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকা ছাড়বেন, যা বড় ধরনের চ্যালেঞ্জ। তবে সংশ্লিষ্ট সব বিভাগ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি তৎপর থাকবে এবং সমন্বিত প্রস্তুতির মাধ্যমে স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করা হবে।
আপনার মতামত লিখুন :