দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে : মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মির্জা ফখরুল বলেছেন, অনেক আন্দোলন, রক্ত-আত্মত্যাগের পর আমরা এমন এক অবস্থানে পৌঁছেছি, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে।
১ ডিসেম্বর সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, দেশের অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেশ কয়েকটি সংস্কার কমিশন কাজ করছে। এসব কমিশনের মাধ্যমে দলগুলো সংস্কারের সনদে সই করেছে।
ফখরুল আরো বলেন, নতুন বাংলাদেশে সুযোগ সৃষ্টি হয়েছে একটি নির্বাচনের। বর্তমান সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় ঘোষণা করেছে, তাতে আশাবাদী বিএনপি। যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ তার মতামত দিয়ে তাদের সংসদ নির্বাচন করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছে। প্রস্তুতিও সেইভাবেই চলছে। আমরা আশাবাদী দেশের মানুষ এই সুযোগে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠন করবেন।
মির্জা ফখরুল আরো দাবি করেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা থেকে জানে দায়িত্ব পেলে দলটি দেশকে সত্যিকারের গণতান্ত্রিক কাঠামো ও সমৃদ্ধ অর্থনীতির পথে নিয়ে যেতে পারবে।
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে ফখরুল বলেন, তিনি অত্যন্ত অসুস্থ এবং এখনো হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকদের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। আমরা তার সুস্থতা কামনা করছি। দেশবাসীও তার জন্য দোয়া করছেন।
আপনার মতামত লিখুন :